বান্দরবানে আবারও পাহাড় কাটার অভিযোগ উঠেছে। পরিবেশ সংরক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতার সুযোগে এক শ্রেণির পাহাড়খেকো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে ঝুঁকির মুখে পড়েছে মহাদেব তংচংঙ্গ্যার বসতভিটাসহ আশপাশের বেশ কয়েকটি পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান সদর এলাকায় মহাদেব তংচংঙ্গ্যার বসতভিটার নিচের পাহাড় কেটে সড়ক নির্মাণের কাজ চলছে। অভিযোগ রয়েছে, কোনো ধরনের আগাম নোটিশ, পরিবেশগত ছাড়পত্র কিংবা ক্ষতিপূরণের ব্যবস্থা ছাড়াই এই পাহাড় কাটার কাজ পরিচালনা করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, বসতভিটার নিচ থেকে পাহাড় কেটে ফেলায় ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হলে যেকোনো সময় বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
ভুক্তভোগী মহাদেব তংচংঙ্গ্যা জানান, তাদের পরিবারের বসতভিটার নিচের পাহাড় কেটে সড়ক নির্মাণ করায় তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এলাকাবাসীর প্রশ্ন, পরিবেশ ধ্বংস করে এভাবে নির্বিচারে পাহাড় কাটার ঘটনা ঘটলেও কেন পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন কার্যকর ভূমিকা নিচ্ছে না।
সচেতন মহল মনে করছেন, অবিলম্বে পাহাড় কাটার কাজ বন্ধ করে বিষয়টি তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ।
আপনার মতামত লিখুন :