টঙ্গীবাড়ীতে প্রশাসনের অভিযান না থাকায় মৎস্য আড়তগুলোতে দেদারসে চলছে জাটকা বিক্রি


Din Protidin প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ /
টঙ্গীবাড়ীতে প্রশাসনের অভিযান না থাকায় মৎস্য আড়তগুলোতে দেদারসে চলছে জাটকা বিক্রি
মোঃজসিম শেখ,জেলা প্রতিনিধিঃ-
টঙ্গীবাড়ী উপজেলায় প্রশাসনের তদারকি ও নিয়মিত অভিযান না থাকায় হাসাইল মৎস্য আড়তে অবাধে জাটকা ইলিশ বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে জাটকা কেনাবেচা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
 
সরজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় আড়তদার দিন ইসলাম বালা, দিলু দেওয়ান, দুলাল বালা,সোহেল হাওলাদার এর আড়তে ড্রাম ভর্তি পাঙ্গাস ও ইলিশের জাটকা প্রকাশ্যে কেনাবেচা হচ্ছে। 
 
স্থানীয় সূত্র জানায়, উপজেলার হাসাইল মৎস্য আড়তে সকাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত কয়েক টন ইলিশ ও পাঙ্গাসের জাটকা বিক্রি হচ্ছে। মাত্র ২৫০-৩০০ টাকা কেজি দরে এই মাছ বিক্রি হচ্ছে। অথচ এই মাছ গুলো বড় হলে এক একটি মাছ বিক্রি হবে হাজার টাকার উপরে। এতে একদিকে যেমন আইন লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে ইলিশ ও পাঙ্গাস উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে। জাটকা সংরক্ষণে সরকারিভাবে বিভিন্ন সময়ে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেন এলাকাবাসী।
 
মৎস্য সংশ্লিষ্টদের মতে, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি না থাকলে ইলিশ ও নদীর পাঙ্গাস রক্ষা করা সম্ভব নয়। তারা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতসহ জোরালো অভিযান চালানোর দাবি জানান।