
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ব্যবসা, শিল্প-কারখানা বা অন্যান্য উদ্যোগ গড়ে তুলতে বিদেশফেরত কর্মীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। মেয়াদি, চলতি ও তলবি—এই তিন ধরনের ঋণের মাধ্যমে বৈধ ব্যবসায় বিনিয়োগের সুযোগ পাচ্ছেন উদ্যোক্তারা।ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচির আওতায় ১ হাজার ৩৬৬ জনকে মোট ৩৯ কোটি ২৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।ঋণের শর্ত অনুযায়ী, বার্ষিক ৯ শতাংশ সরল সুদে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে অর্থ পরিশোধ করা যাবে। তবে নিয়মিত কিস্তি পরিশোধকারীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান জানান, নিয়মিত ঋণ পরিশোধে উৎসাহ দিতে সুদের ওপর ১ শতাংশ ভর্তুকি চালু করা হয়েছে। ফলে নিয়মিত গ্রাহকদের কার্যকর সুদের হার দাঁড়াবে ৮ শতাংশে।জামানত সংক্রান্ত শর্তে বলা হয়েছে, ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না; এর বেশি অর্থের জন্য সহজামানত প্রয়োজন হবে। আর ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতা বা জামিনদারের মালিকানাধীন স্থাবর সম্পত্তি ব্যাংকের অনুকূলে রেজিস্ট্রি বন্ধক রাখতে হবে।
আপনার মতামত লিখুন :