জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন
Din Protidin
প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ /
০ Views
তানভির হোসেন রাজু, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোঃ লুৎফর রহমান। ১৪ মে বৃহঃবার সকাল সাড়ে ১১ টায় তিনি কলেজটি পরিদর্শনে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন উলিপুর মহিলা কলেজের সভাপতি, শিক্ষাবিদ, সাংবাদিক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু। তাদেরকে ফুল দিয়ে বরণ করেন কলেজ গভর্ণিং বডির সভাপতি আব্দুল মান্নান মুকুল, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুসহ শিক্ষকগণ। এরপর কলেজ রোভার স্কাউটদল প্রো-ভিসিকে গার্ড-অফ অনার প্রদান করে। প্রো-ভিসি প্রফেসর লুৎফর রহমান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত ”বাংলাদেশের উচ্চ শিক্ষার প্রস্তুতি ও করণীয়, একটি সমীক্ষা” শীর্ষক গবেষণার জন্য কলেজটির ৪২ জন শিক্ষার্থীকে নমুনা হিসেবে ব্যবহার করা হয়। তিনি ওই গবেষণার তথ্য সংগ্রহ প্রক্রিয়ার খোঁজ নেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি বলেন, এ গবেষণার মাধ্যমে উচ্চ শিক্ষার কোথায় গলদ আছে তা চিহ্নিত করা হবে। এটি দেশের উচ্চ শিক্ষা কাঠামোয় সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের উচ্চ শিক্ষা পরিকাঠামো কেমন হওয়া উচিৎ তা নির্ধারণ করা যাবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার জন্য শিক্ষা কাঠামো ঢেলে সাজানো সহজ হবে। ফলে আমাদের শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।
আপনার মতামত লিখুন :