
মোঃজসিম শেখ,জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের চান্দের বাজার এলাকায় সরকারি খাস জমি থেকে অনুমোদন ছাড়াই প্রায় ৫০ বছরের পুরোনো একটি কড়ই গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় মজিবুর ঢালীর বিরুদ্ধে। একই সঙ্গে সরকারি জমি দখল করে ঘর নির্মাণের মাধ্যমে স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দের বাজার সড়কের পার্শ্ববর্তী সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে একটি বড় কড়ই গাছ ছিল। সম্প্রতি গাছটি কেটে বিক্রি করা হয়। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শাহ আলম দেওয়ান নামে এক ব্যক্তি জানান, তিনি মজিবুর ঢালীর কাছ থেকে গাছটি কিনেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মজিবুর ঢালী বলেন, “আমি জমির লিজ নিয়ে সেখানে ঘর তুলেছি। আমার লিজ নেওয়া জমি থেকেই গাছ কাটা হয়েছে। তবে গাছ কাটার জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি।”
এদিকে সরকারি জমিতে ঘর নির্মাণের কারণে স্থানীয় একাধিক পরিবার চলাচলে সমস্যার মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। একই গ্রামের পারভেজ ঢালীর মা বলেন, “আমাদের জমির সামনের অংশে ঘর নির্মাণ করায় আমরা রাস্তায় বের হতে পারছি না। তারা আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় উত্তেজনা বাড়তে পারে। তারা সরকারি খাস জমি দখল ও অনুমোদন ছাড়া গাছ কাটার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, আমি বিষয়টি জেনে আউটশাহী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে প্রতিবেদক দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :