কাপাসিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের মা হলেন এক কৃষকের  স্ত্রী 


Din Protidin প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ /
কাপাসিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের মা হলেন এক কৃষকের  স্ত্রী 
মো: ইব্রাহিম খন্দকার ,গাজীপুর জেলা প্রতিনিধি :-
গাজীপুরে কাপাসিয়া উপজেলার একটি কৃষক পরিবারে একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম হয়েছে। তিনটি ছেলে ও দুটি মেয়ে নিয়ে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতক এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
গত ৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই পাঁচ নবজাতকের জন্ম হয়। জন্মের পর বিশ্ববিদ্যালয়ের এনআইসিইউ বিভাগের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের কাপাসিয়া উপজেলার রায়েদ এলাকার মডিউল কমিউনিটি ক্লিনিকে আইসোলেশনে রাখা হয়। বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সেখানে পর্যবেক্ষণে থাকার পর নবজাতকদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এদিকে খুশির বন্যা বইছে কৃষকের ঘরে। একসঙ্গে পাঁচটি  সন্তানের জন্ম দিয়েছেন কৃষকের স্ত্রী মাসুমা আক্তার। এদের মধ্যে তিনটি ছেলে আর দুটি কন্যাশিশু। একসঙ্গে নতুন পাঁচ অতিথি পেয়ে খুশিতে যেমন আত্মহারা গোটা পরিবার, অন্যদিকে চিকিৎসা ব্যয় নিয়েও শেষ নেই ভাবনার।
 এই দম্পতির আগে থেকেই নয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। নতুন পাঁচ সন্তান মিলিয়ে এখন তাদের সংসারে সন্তান সংখ্যা দাঁড়াল ছয়ে।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মডিউল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা অধ্যাপক রুহুল আমিন জানান, আইসোলেশনে থাকার সময় পাঁচ নবজাতকের মধ্যে একজনের শারীরিক অবস্থা শুরুতে কিছুটা জটিল ছিল। পরে অবস্থার উন্নতি হলে পরিবারের সদস্যরা সবাইকে বাড়িতে নিয়ে যান। ক্লিনিকে অবস্থানকালে তিনি নিজে নবজাতকদের সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন বলে জানান।
পাঁচ সন্তানের বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে কাজল মিয়া বলেন, একসঙ্গে পাঁচটা বাচ্চার বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, তারা সবাই ভালো আছে। তারা সুস্থ থাকুক, আল্লাহর কাছে এটাই চাই।
কৃষিকাজই তার একমাত্র আয়ের উৎস। স্বল্প আয়ে ছয় সন্তানকে মানুষ করার স্বপ্নের কথা জানিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। নবজাতকদের নাম এখনো রাখা হয়নি বলে তিনি জানান।
মডিউল কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপক নারায়ণ সাহা বলেন, এর আগে তিনি সর্বোচ্চ তিনটি যমজ শিশুর জন্ম দেখেছেন। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম তার কাছে এটাই প্রথম।