নুডলস রোল সহজ রেসিপিতে ঘরেই তৈরি করুন


admin@din2772 প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ /
নুডলস রোল সহজ রেসিপিতে ঘরেই তৈরি করুন
জীবনযাপন ডেস্ক:

বিকেলের আড্ডায় মুখরোচক নাস্তা হিসেবে রোলের জনপ্রিয়তা সব সময়ই তুঙ্গে। বিশেষ করে শিশুদের টিফিনে ভিন্নতা আনতে মচমচে রোল হতে পারে সেরা পছন্দ। সাধারণ সবজি বা মাংসের রোলের বদলে এবার পুর হিসেবে নুডলস ব্যবহার করে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু ‘চিকেন নুডলস রোল’।

প্রয়োজনীয় উপকরণ
পুর তৈরির জন্য: আধা কাপ মুরগির কিমা, আধা কাপ সেদ্ধ নুডলস ও আলু কুচি।এ ছাড়া প্রয়োজন পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, সয়াসস, টেস্টিং সল্ট, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি।শিটের জন্য: দেড় কাপ ময়দা, সামান্য তেল, এক চিমটি লবণ ও পরিমাণমতো পানি।

প্রস্তুত প্রণালী
পুরের প্রস্তুতি: প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে মুরগির কিমা ভালো করে ভেজে নিন। মাংস ভাজা হয়ে এলে এতে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস, আলু, লবণ, সয়াসস ও কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে রাখুন।

সবশেষে ধনেপাতা কুচি ছিটিয়ে পুরটি ঠাণ্ডা হতে দিন।শিট ও রোল তৈরি: ময়দার সাথে লবণ, পানি ও তেল মিশিয়ে একটি খামির তৈরি করুন। এরপর পাতলা করে ছোট ছোট রুটি বেলে তাওয়ায় হালকা সেঁকে নিন। এবার সেই রুটির ভেতরে একপাশে তৈরি করা পুর রেখে দুই দিকের মুখ বন্ধ করে রোলের আকারে পেঁচিয়ে নিন।

ভাজা ও পরিবেশন: কড়াইয়ে ডুবো তেল গরম করে রোলগুলো সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম এই রোলগুলো হোয়াইট সস বা তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়।
সূত্র:কালের কন্ঠ