আফগানিস্তান প্রথম জয়ে বিশ্বকাপে টিকে রইল


admin@din2772 প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ /
আফগানিস্তান প্রথম জয়ে বিশ্বকাপে টিকে রইল
ক্রীড়া ডেস্ক:
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ে সুপার এইটে ওঠার লড়াইয়ে নতুন করে আশার আলো দেখছে আফগানরা।১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানরা।ইনিংসের প্রথম ওভারেই জুনায়েদ সিদ্দিকির বলে শূন্য রানে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। এরপর ইব্রাহিম জাদরান ও গুলবাদিন নাইব দ্বিতীয় উইকেটে ধীরে ধীরে রান তোলেন।গুলবাদিন ১২ বলে ১৩ রান (একটি চার ও একটি ছক্কা) করে মোহাম্মদ আরফানের শিকার হন। তখন দলের সংগ্রহ ৫.৩ ওভারে ২ উ্টকেটে ৪০ রান।সেদিকুল্লাহ আতাল ১৪ বলে ১৬ রান যোগ করে বিদায় নেন।দলকে ভরসা দেন ওপেনার ইব্রাহিম। ৪১ বলে ৫৩ রানের ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। তার বিদায়ের পর ম্যাচে কিছুটা চাপ তৈরি হলেও দারবিশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই হাল ধরেন।রাসুলি ২৩ বলে ৩৩ রান (তিন চার ও এক ছক্কা) করে আউট হন, তখন স্কোর ১৭.৩ ওভারে ১৪০/৫। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে আফগানিস্তান। অপরাজিত ২১ বলে ৪০ রান করেন ওমরজাই, যেখানে ছিল দুই চার ও তিন ছক্কা। মোহাম্মদ নবী যোগ করেন ৩ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে আরব আমিরাত।প্রথম ওভারেই আজমতউল্লাহর বলে শূন্য রানে আউট হন আরিয়ানশ শর্মা। পরের ওভারে মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম (৬ বলে ১০)।
এরপর আলিশান শরাফু ও সোহাইব খান ৮৪ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন। শরাফু ৩১ বলে ৪০ রান (তিন চার, দুই ছক্কা) করে মুজিবের শিকার হন। সোহাইব খান খেলেন ৪৮ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস, যাতে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা।মিডল অর্ডারে ধস নামে আমিরাতের। হারশিত কৌশিক ও মোহাম্মদ আরফান দুজনেই শূন্য রানে ফেরেন। ১৫.৩ ওভারে দলীয় রান দাঁড়ায় ৬ উইকেট ১২১ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ১৬০ রান।

বল হাতে ম্যাচসেরা পারফরম্যান্স করেন আজমতউল্লাহ ওমরজাই। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন চার উইকেট। মুজিব উর রহমান নেন দুই উইকেট এবং রশিদ খান একটি।