
সানজিদা আক্তার:
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত নবীন ব্যাচ অনুরণন-এর বরণ ও গ্রন্থ সমালোচনা প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১১ মাঘ ১৪৩২, ২৫ জানুয়ারি ২০২৬-এ টিএসসি প্রাঙ্গনে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করা এবং সমালোচনামূলক পাঠাভ্যাস গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের মডারেটর তানভীর নাহিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নাঈমুল রাজ্জাক,কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, কথাসাহিত্যিক আনওয়ার এম হুসাইন, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের উপদেষ্টা সুহৃদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের উপদেষ্টা ও সাবেক সভাপতি তৈমুর রহমান মৃধা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের উপদেষ্টা ও সাবেক সাধারণ নাহিয়ান ফারুক।
স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান সবুজ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাহিত্যচর্চা একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি, সংবেদনশীলতা ও মানবিক বোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবীনদের মধ্যে বইপড়া ও সাহিত্য বিশ্লেষণের অভ্যাস গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী।
গ্রন্থ সমালোচনা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার ও সম্মাননা তুলে দেন। পাশাপাশি নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদে সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ সেরা সংগঠক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের মাঝে সাহিত্যচর্চার প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ ভবিষ্যতেও নিয়মিতভাবে সাহিত্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল বিকাশে কাজ করে যাবে।
আনুষ্ঠানিক পর্ব শেষে ক্রমহ্রাসমান শহুরে শীতের সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে
আপনার মতামত লিখুন :