
চিরকুটে মা-বাবার কাছে শেষ অনুরোধ ও তদন্ত না করার আকুতি স্কুলছাত্রের
নিহত স্কুলছাত্র আলিফ। ছবি : সংগৃহীত
শাহীন রহমান, সিনিয়র রিপোর্টার, পাবনা
শাহীন রহমান, সিনিয়র রিপোর্টার, পাবনা
পাবনা সদর উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আলিফ (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকার রেললাইনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলিফ পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার সাইদুর রহমান পিটারের ছেলে। সে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার পর তার স্কুলব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাত ৯টার দিকে ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকা অতিক্রম করার সময় আলিফ রেললাইনের মাঝে বসে পড়ে। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. মুনতাজ আলী জানান, ট্রেনের ধাক্কায় আলিফের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় শুরুতে স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেননি। পরে রাত ১১টার দিকে পরিবারের লোকজন এসে তার পরিচয় নিশ্চিত করেন। ঘটনাস্থলের পাশে পড়ে থাকা আলিফের স্কুলব্যাগ ও নতুন জুতা দেখে বিষয়টি নজরে আসে। রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ব্যাগটি তল্লাশি করে একটি চিরকুট উদ্ধার করেন।
স্থানীয়দের ভাষ্য ও চিরকুটের সূত্রে জানা গেছে, বাবা-মায়ের ওপর অভিমান করে মানসিক চাপ থেকে সে আত্মহত্যার পথ বেছে নেয় এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছে।
দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস গোধূলী’ ট্রেনটি ঘটনাস্থলের অদূরে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে ছিল। পরে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ব্যাগ ও চিরকুটটি জব্দ করলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিরকুটে আলিফ যা লিখে গেছে
উদ্ধার হওয়া চিরকুটের শুরুতে সময় লেখা ছিল বিকেল ৪টা ২৯ মিনিট। এরপর সে লেখে, ‘প্রথমত আমার এই মৃত্যুর জন্য আমি আলিফ ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নন। আমার এটি শেষ ইচ্ছা যে, আমার মৃত্যু নিয়ে যেন কোন প্রকারের তদন্ত কার্যক্রম না হয়। আবারো বলছি, আমার মৃত্যু তথা আত্মহত্যার জন্য অন্য কেউ দায়ী নয়। আমার আত্মহত্যার কারণ একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে যেন কোন প্রকার তদন্ত কার্যক্রম সাধিত না হয়ে থাকে।’
বাবা-মাকে উদ্দেশ্য করে চিরকুটে আলিফ আরও লেখে, ‘বাবা ও মা মনি তোমরা প্লিজ ইউএসএ যাওয়া বন্ধ করো না। নইলে আমি যেখানেই থাকি না কেন, ভালো থাকবো না। প্লিজ বাবা-মা মনি, তোমাদের ইউএসএ যেতেই হবে। এটলিস্ট আমার ভাই আয়ানের জন্য। নইলে এই পরিবেশে আয়ানের জীবনটাও আমার মতই হয়ে যাবে। আয়ানকে কখনো কোনো মানসিক চাপ দিও না। ওকে নিজের মত জীবনে বড় হতে দাও। এই সমাজের কাছে কোন ভুল হয়ে থাকলে আন্তরিকভাবে স্যরি। প্লিজ আপনারা ক্ষমা করবেন।’
সবশেষে স্বাক্ষরের আগে সময় উল্লেখ করা ছিল বিকেল ৪টা ৪৬ মিনিট।
আপনার মতামত লিখুন :