খেলতে গিয়ে নিখোঁজ,রাতেই মিলল লাশ: চিলমারীতে শিশু আয়েশা হত্যা, দম্পতি গ্রেফতার
Din Protidin
প্রকাশের সময় : মে ২, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ /
০
কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়,উপজেলার ওই এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের মেয়ে আয়েশা গত ১৭ এপ্রিল সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে নিহত শিশুর বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চিলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম (পিপিএম)-এর তত্ত্বাবধানে চিলমারী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে গত ৩০ এপ্রিল অভিযান চালিয়ে একই এলাকার বাসিন্দা কহিনুর বেগম (২৬) ও তার স্বামী রাশেদুল ইসলাম আপেল (৩০)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনার দিন আয়েশা পাশের বাড়িতে খেলতে গেলে কহিনুর বেগমের ছেলের সঙ্গে খেলাধুলার সময় একটি কলম দিয়ে তার চোখে আঘাত লাগে। এতে রক্তক্ষরণ শুরু হলে শিশুটি চিৎকার করতে থাকে। বিষয়টি গোপন রাখতে কহিনুর বেগম শিশুটির মুখ চেপে ধরেন। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়ে এবং পরে তার মৃত্যু হয়। ঘটনার পর লাশটি একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে লুকিয়ে রাখা হয়। পরে রাতের অন্ধকারে সেটি পাশের একটি পরিত্যক্ত জমিতে ফেলে দেওয়া হয়।
গ্রেফতারকৃতদের শুক্রবার (১ মে) কুড়িগ্রাম আদালতে হাজির করা হলে কহিনুর বেগম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, “ঘটনার পরপরই দ্রুত তদন্ত শুরু করা হয়। অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :