ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার


Din Protidin প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ / ০
ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধিঃ-

শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাসার নামে এক স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভেদরগঞ্জ থানা সংলগ্ন ঢাকা আবাসিক হোটেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল বাসার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার দেউলিয়াবাড়ি এলাকার মৃত জনবালি তালুকদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরের ফলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় আবুল বাসারের পূর্বপুরুষদের বাড়ি। সেখানে বেড়াতে এসে রোববার রাতে তিনি সর্বশেষ স্ত্রীকে ফোন করে এক বন্ধুর বাসায় থাকার কথা জানান। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরিবারের অভিযোগ, সোমবার আবুল বাসারের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর স্ত্রীকে ফোন করে আহত হওয়ার কথা জানানো হয়। এ সময় প্রথমে দুই হাজার টাকা দাবি করা হয়। পরে একটি রক্তাক্ত ছবি পাঠিয়ে আরও ২০ হাজার টাকা দাবি করা হয়।

বিষয়টি পরিবারের পক্ষ থেকে গাজীপুরের কালিয়াকৈর থানায় জানানো হলে পুলিশ মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে ভেদরগঞ্জে তাঁর অবস্থান জানতে পারে। পরে পরিবারের সদস্যরা ভেদরগঞ্জ থানায় আসেন। পারে পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ঢাকা আবাসিক হোটেল থেকে আবুল বাসারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে আবুল বাসারকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এদিকে, ঘটনার পর থেকে হোটেলটির ম্যানেজার মামুন পলাতক রয়েছেন বলে জানা যায়।